logo
Advertisement

ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ফেনী, চট্টগ্রাম
ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ
বিদেশি মদসহ আটক দুই মাদক কারবারি। ছবি: এশিয়া পোস্ট

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর থানাধীন কসকা বাজার সংলগ্ন স্টার লাইন বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ফেনী সদর থানার উত্তর বিরিঞ্চি এলাকার মৃত মুহাম্মদ আব্দুল্যাহর ছেলে আতারের রহমান প্রকাশ সোহাগ (৩৯) এবং খাগড়াছড়ির রামগড় এলাকার মো. এরশাদ উল্যাহর ছেলে ওমর সাইফ (২৫)।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে, কতিপয় মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে একটি মাইক্রোবাসযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব। তল্লাশিকালে উক্ত মাইক্রোবাসটি চেকপোস্টে থামিয়ে চালক ও তার পাশে থাকা অপর ব্যক্তি তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।

পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ৪টি প্লাস্টিকের বস্তায় থাকা ২০টি কার্টনের ভেতর থেকে ১২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রি করে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে ফেনী র‌্যাব-৭ এর অধিনায়ক মিজানুর রহমান এশিয়া পোস্টকে জানান, উদ্ধার করা মাদকদ্রব্য ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।