logo

নোয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
নোয়াখালীর সুবর্ণচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর সুবর্ণচরে বৈধ লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া চালোনো একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে কিলন ও চিমনি ভেঙে কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর আমানউল্লাহ ইউনিয়নে অবস্থিত ‘মেসার্স যমুনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং লিমিটেড’ নামের ওই ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও আকিব ওসমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে তিন ফসলি জমিতে ইটভাটাটি গড়ে তোলা হয়েছিল। লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ভাটা কর্তৃপক্ষকে ইতিপূর্বে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তা অমান্য করে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। ফলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটার কিলন ও চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ স্থাপনা পরিচালনা করতে দেওয়া হবে না এবং কৃষি জমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ চরজব্বার থানা-পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল উপস্থিত ছিল।