জনস্বাস্থ্য কার্যালয়ে গিয়ে অধিকাংশ কর্মকর্তাকে পেলেন না এমপি

কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পরিদর্শনে তিনি নির্বাহী প্রকৌশলীসহ অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন।
সোমবার (১ জুন) দুপুরে অফিস চলাকালে কুমিল্লা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে যান কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য।
এ সময় নির্বাহী প্রকৌশলী শফিউল হকসহ অনেক কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে ছিলেন না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কক্ষও ছিল ফাঁকা। ওই কক্ষে বসেই মনিরুল হক চৌধুরী কার্যালয়ের কার্যক্রম ও সেবার বিষয়ে খোঁজখবর নেন। নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন শেষে মনিরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সরকারি দপ্তর জনগণের সেবা দেওয়ার জন্য। অফিস সময়ে কর্মকর্তারা কর্মস্থলে না থাকলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। জনগণের করের টাকায় পরিচালিত কোনো প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি কাম্য নয়।
তিনি বলেন, কুমিল্লার মানুষ যাতে দ্রুত ও মানসম্মত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে অবহেলা বা গাফিলতি বরদাস্ত করা হবে না। আজকের ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিউল হক এশিয়া পোস্টকে বলেন, এমপি যখন অফিসে আসেন, তখন আমি ব্রাহ্মণবাড়িয়া অফিসে ছিলাম। আমি দুটি জেলার দায়িত্ব পালন করছি। খবর পাওয়ার পর কুমিল্লায় ফিরে আসি। বিকেলে এমপির সঙ্গে দেখা করার কথা রয়েছে।
