logo
Advertisement

বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক, কাজ শুরু শীতে: বাণিজ্যমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক, কাজ শুরু শীতে: বাণিজ্যমন্ত্রী
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় প্রায় ৪০০ একর জমিতে নতুন শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। চলতি শীত মৌসুমেই প্রস্তাবিত এই শিল্পপার্কের উন্নয়নকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Advertisement

শনিবার (৮ আগস্ট) বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী বগুড়া সদর উপজেলার এরুলিয়া/ফাপোড় এলাকায় প্রস্তাবিত শিল্পপার্কের স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বগুড়া দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠার অপার সম্ভাবনা রাখে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে বগুড়ার অবদান অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু শহরের বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের চাহিদার কথা মাথায় রেখেই প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত কাজ এগিয়ে নিয়ে চলতি শীত মৌসুমে শিল্পপার্কের প্রাথমিক কার্যক্রম শুরুর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়াতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থায়নের ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করা কঠিন। উৎপাদন খরচ কমিয়ে পণ্যকে আন্তর্জাতিক মানে প্রতিযোগিতামূলক করতে দক্ষতা বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং অর্থায়নের খরচ কমাতে হবে।

উদ্যোক্তাদের জন্য জ্বালানি ও বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করা, গ্যাস সংযোগ সুগম করা এবং কম সুদে ঋণের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী জানান, শিল্পপার্কে অবকাঠামো তৈরির পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহায়তার ব্যবস্থা থাকবে। এ ছাড়া উদ্যোক্তারা সরকারের ‘ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় কম সুদে ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মোহিত তালুকদার, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে সংগঠনটির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচয় তুলে ধরা হয়।

বিষয় :