চেকপোস্টে বাজারের ব্যাগ তল্লাশি, মিলল ২০ হাতবোমা

ঢাকার কেরানীগঞ্জে ২০টি হাতবোমাসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার আটি বামুনসুর এলাকায় পুলিশের চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারা হলেন মো. আকাশ (২১) ও মো. নাজিম (১৯)। তারা কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসিন্দা। আকাশের বাবার নাম মো. শমসের আলী এবং নাজিমের বাবার নাম মো. দিদার হোসেন। তবে তারা ছাত্রলীগের কোন পদে রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আটি বামুনসুর এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বাজারের ব্যাগের ভেতর থেকে ২০টি হাতবোমা উদ্ধার করা হয়। পরে ওই অটোরিকশায় থাকা দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে তারা কালিন্দী এলাকা থেকে হাতবোমাগুলো সংগ্রহ করেছিলেন। পরে সেগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
পরে এটিইউর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা উদ্ধার করা হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, গ্রেপ্তার দুজনই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উদ্ধার করা ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে কালিন্দী ইউনিয়নের একটি জনশূন্য স্থানে নিয়ে বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

