logo

চায়ের রাজ্যে দৌড়ের উৎসব, অংশ নিলেন পাঁচ শতাধিক রানার

চায়ের রাজ্যে দৌড়ের উৎসব, অংশ নিলেন পাঁচ শতাধিক রানার
১৫ কিলোমিটার দৌড়ে মৌলভীবাজারে দেশের বিভিন্ন প্রান্তের রানাররা। ছবি : এশিয়া পোস্ট

সবুজ চা বাগান, ইকোপার্ক ও প্রকৃতির নৈসর্গিক পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। ‘কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি মৌলভীবাজার ১৫ কিলোমিটার রান’ শীর্ষক এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঁচ শতাধিক দৌড়বিদ অংশ নেন।

শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের সামনে থেকে প্রতিযোগিতার উদ্বোধন হয়। পরে দৌড়বিদেরা চা-বাগানঘেরা আঁকাবাঁকা পথ ধরে বর্ষিজোড়া ইকোপার্ক ও ঐতিহাসিক বধ্যভূমিসংলগ্ন সড়ক অতিক্রম করে আবার প্রারম্ভিক স্থানে ফিরে এসে দৌড় শেষ করেন।

ভোরের হালকা কুয়াশা ও স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে পুরো আয়োজনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দৌড়বিদদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও এতে অংশ নিয়ে তাদের উৎসাহ দেন।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে রেখে নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতাটি আয়োজন করে পাওয়ার পালস এরিনা, মৌলভীবাজার। এতে সহযোগিতা করে মৌলভীবাজার অ্যাথলেটিকস অ্যান্ড কারাতে একাডেমি। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিল যুক্তরাজ্যভিত্তিক কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ফিনিশার মেডেল তুলে দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী দৌড়বিদদের ট্রফির পাশাপাশি মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাজ্যের কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটির চেয়ারম্যান সায়েম রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার অ্যাথলেটিকস অ্যান্ড কাবাডি একাডেমি ও পাওয়ার পালস এরিনার পরিচালক মাহফুজুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক জাহেদ আহমদ চৌধুরী এবং একাডেমির পরিচালক মো. ফয়জুল হক ও রেজওয়ানুর রহমান। এ ছাড়া স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।