logo

রংপুরে মুখোশ তৈরির কর্মশালা

রংপুরে মুখোশ তৈরির কর্মশালা

বাংলা নববর্ষ উপলক্ষে রংপুরে অনুষ্ঠিত হয়েছে মুখোশ তৈরির কর্মশালা। শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) দুই দিনব্যাপী গড়ন আর্ট গ্যালারি অ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ভাস্কর অনীক রেজা ও চিত্রশিল্পী ইশরাত জাহান কাকন। এতে বিভিন্ন বয়সের প্রায় ৪০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

শিল্পী ইশরাত জাহান কাকন বলেন, ‘মুখোশের এই রং যেন সবার মধ্যে ছড়িয়ে যায়, পারস্পরিক মেলবন্ধন যেন আরও দৃঢ় হয়। অল্প পরিসরে এই আয়োজনে যে সাড়া পেয়েছি তাতে আরও বড় আয়োজনের প্রেরণা পেলাম।’

ভাস্কর অনীক রেজা বলেন, ‘আয়োজনে যথেষ্ট সাড়া পেয়েছি। সবার সঙ্গে সুন্দর একটা সময় কাটল। অনেকে অংশগ্রহণ করেছে। এর সঙ্গে যারা যুক্ত থেকেছেন, যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি শুভকামনা রইল।’

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিস্তা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আবুল কাশেম, বিশেষ অতিথি ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল-আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘পড়শোনার পাশাপাশি এ ধরনের সৃজনশীল কাজে যুক্ত থাকা খুবই ভালো। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। তারা যেন সামনেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখেন, এ আশাবাদ ব্যক্ত করছি।’

প্রশিক্ষণার্থী ফারহানা আলো বলেন, ‘মুখোশ তৈরির কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। এখানে ছোট বড় সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।’