নৌবাহিনীতে যুক্ত হলেন ৪৬৭ নবীন নাবিক

২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন ৪৬৭ জন নবীন নাবিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তারা শপথ নিয়েছেন। সন্তানদের সামরিক প্রশিক্ষণ শেষে নৌবাহিনীর সদস্য হিসেবে আত্মপ্রকাশে আনন্দিত ও গর্বিত অভিভাবকেরা।
রোববার (২৯ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে পেশাগত ও সামগ্রিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মো. সেজান মাহমুদ। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমলুল পদক’ পান মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে ‘শেরেবাংলা পদক’ লাভ করেন মো. শাকিল হাসান।
প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া নবীন সদস্যদের নিয়ে তাদের পরিবারের সদস্যদের মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকেরা মনে করেন, দীর্ঘদিনের পরিশ্রম ও প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের সন্তানরা দেশের সেবায় আত্মনিয়োগের সুযোগ পেয়েছে। তারা আশা করছেন, সন্তানরা নিজেদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখার পাশাপাশি দেশের জন্য ভালো কিছু করে পরিবারের মুখ উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোর সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধার অবদানের কথা উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকেরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান বলেন, প্রশিক্ষণ বিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে গড়ে তুলতে হবে। সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

