logo

দীর্ঘদিনের আধিপত্যের বিরোধ থেকে নড়াইলের সংঘর্ষ

দীর্ঘদিনের আধিপত্যের বিরোধ থেকে নড়াইলের সংঘর্ষ

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংঘর্ষে উভয়পক্ষের চারজন নিহত হন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, একই গ্রুপের ফেরদৌস শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর ফকির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও ফেরদৌস শেখ মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর ফকিরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উভয়পক্ষের আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেলে রেফার করা হয়েছে। আর আটজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।