logo

কিশোর গ্যাং নেতার সঙ্গে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল, তীব্র সমালোচনা

কিশোর গ্যাং নেতার সঙ্গে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল, তীব্র সমালোচনা
সামনে ছাত্রদল নেতা মহসিন এবং লাল বৃত্তে কিশোর গ্যাং নেতা রতন। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লায় বিতর্কিত কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনের সঙ্গে ছাত্রদ নেতা মহসিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

স্বেচ্ছাসেবক দলের একটি কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের জন্য মিছিল নিয়ে সেখানে যান কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন। মিছিলে মহসিনের ঠিক পেছনের সারিতেই রতনকে কয়েকজন সহযোগী নিয়ে হাঁটতে দেখা যায়।

কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্মসাগর পাড় সড়কে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ওই মিছিল হয়। মিছিলটির একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিতর্কিত ওই কিশোর গ্যাং নেতার রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।

স্থানীয়ভাবে ‘রতন গ্রুপ’ বা ‘স্কোয়াড’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে ইমরান হোসেন ওরফে রতনের বিরুদ্ধে। আধিপত্য বিস্তার, সংঘর্ষ, মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে গ্রুপটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে এসব অভিযোগের সবগুলোর ক্ষেত্রে আদালতের রায় বা সংশ্লিষ্ট মামলার চূড়ান্ত নিষ্পত্তির তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা নগরের ধর্মসাগর পাড়, রানীর কুঠি, রানীর দিঘি, তালপুকুর পাড় ও ঝাউতলা এলাকায় রতন গ্রুপের সদস্যদের প্রভাব রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে অন্য গ্রুপের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে তারা। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে।

রতন গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী। গ্রুপটির প্রধান হিসেবে পরিচিত রতনসহ কয়েকজনকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ২৬ এপ্রিল রাতে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রতনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছেন বলে পুলিশ জানিয়েছে।

মিছিলে রতনের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মো. মহসিন বলেন, স্বেচ্ছাসেবক দলের একটি কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের জন্য তিনি অনুসারীদের নিয়ে সেখানে গিয়েছিলেন। মিছিলে অনেক মানুষ থাকায় কে কিশোর গ্যাংয়ের সদস্য বা অপরাধী, তা তার পক্ষে চেনা সম্ভব হয়নি।

মহসিন বলেন, এত মানুষের ভিড়ে কে সন্ত্রাসী, কে কিশোর গ্যাং লিডার বা কে মাদক ব্যবসায়ী, তা ব্যক্তিগতভাবে চেনা আমার পক্ষে সম্ভব নয়।’

রতনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। তার দাবি, রতনের সঙ্গে তার কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ বা ওঠাবসা নেই। এটি কোনো ব্যক্তিগত কর্মসূচি ছিল না, বরং কেন্দ্রীয় কর্মসূচি ছিল বলেও জানান তিনি।

ছাত্রদল-বিএনপিতে কিশোর গ্যাংয়ের অনুপ্রবেশের বিষয়ে মহসিন বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা বিএনপিতে ঢোকার চেষ্টা করতে পারে। তবে ছাত্রদল তাদের কোনো ধরনের প্রশ্রয় দেয় না। কারা কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত, তা চিহ্নিত করার দায়িত্ব প্রশাসনের বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, তারা সব সময় কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। ভিডিওটি নজরে আসার পর তিনি মহসিনের সঙ্গে যোগাযোগ করেছেন। মহসিন তাকে জানিয়েছেন, মিছিলে রতনের উপস্থিতির বিষয়টি তিনি জানতেন না।

নাহিদুজ্জামান রানা বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। মহসিনের সঙ্গে কিশোর গ্যাংয়ের কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এশিয়া পোস্টকে বলেন, কুমিল্লার অন্যতম শীর্ষ কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত রতন বর্তমানে জামিনে আছেন বলে তারা জানতে পেরেছেন। তাকে গ্রেপ্তারের জন্য কয়েকবার অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে গেছেন।