logo
কুড়িগ্রামে বাজারের হালচাল

সবজিতে স্বস্তি, ঊর্ধ্বমুখী মসলাজাত পণ্যের দাম

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
সবজিতে স্বস্তি, ঊর্ধ্বমুখী মসলাজাত পণ্যের দাম
কুড়িগ্রামের একটি সবজি বাজার। ছবি: এশিয়া পোস্ট

বেগুন ৩০, পটল ৫০, ঝিঙে ৩০ এবং প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

শুক্রবার (২২ মে) সকাল থেকে কুড়িগ্রাম শহরে সবজির বাজারে এই চিত্র দেখা যায়। তবে মসলাজাত পণ্য পেঁয়াজ ৬৫ টাকা এবং মানভেদে রসুন ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, সবজির আমদানি ও মৌসুমি উৎপাদন বেড়েছে। গত কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কমতে শুরু করেছে। কিছু সবজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম কমেছে। সরবরাহ ও পাইকারি বাজারে দামের তারতম্যের কারণে মসলার বাজারের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। বাজার করতে আসা কয়েকজন ক্রেতা জানান, গত কয়েক সপ্তাহের তুলনায় এখন অনেক কম দামে সবজি পাওয়া যাচ্ছে। এতে সংসারের খরচ কিছুটা কমেছে।

ক্রেতা মাসুদ রানা বলেন, সবজির দাম কমায় কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু পেঁয়াজ-রসুনের দাম বাড়ায় খরচ আবার বেড়ে যাচ্ছে।

আরেক ক্রেতা মফিজুল হক বলেন, অনেক দিন পর সবজির দাম কমেছে। সবজির বাজার এমন থাকলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষ অনেক ভালো থাকত।

কুড়িগ্রাম জিয়া বাজারের সবজি ব্যবসায়ী মাঈদুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে স্থানীয় ও বাইরের জেলার সবজির আমদানি অনেক বেশি। সরবরাহ ভালো থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে।

আরেক ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, ঢেঁড়স, ঝিঙে ও বেগুনের উৎপাদন বেশি হওয়ায় দাম অনেকটা কমে গেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী কয়েক দিন সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।