বরিশালে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, তিনজন আহত

বরিশালের বাকেরগঞ্জে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। সোমবার (৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। আজ সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম হাওলাদারের ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তার কাছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মুহূর্তেই ঝলসে যান কাছে থাকা ওই তিনজন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।
দগ্ধ হনুফা বেগমের ছেলে জামাল বলেন, বালুভর্তি বস্তার মধ্যে লুকিয়ে রাখা একটি বোমা হঠাৎ বিস্ফোরিত হলে আমার মা, বোন ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। যন্ত্রণা ও প্রাণ বাঁচাতে তারা দৌড়ে গিয়ে বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে এই বোমাটি বস্তার ভেতর কে বা কারা রেখে গেছে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সেখানে কী ধরনের বিস্ফোরক ছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত ও বিশেষজ্ঞ পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ উন্মোচন এবং ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।