গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। এ ছাড়া মামলা থেকে একজনকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের ফারুক হোসেন, মুনছুর আলী এবং ফেরদৌস হোসেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার জাহিদুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে পাকুল্লা এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন গৃহবধূ সদর থানায় মামলা করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ (বুধবার) রায় দিয়েছেন।