মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

মাদারীপুরে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার (২১ জুন) ভোররাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল ফরাজী এবং ঘটমাঝি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জমাদ্দার রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






