সারের দাবিতে কুড়িগ্রামে ফের কৃষকদের সড়ক অবরোধ

কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সার বিতরণ শুরু করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলায় কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্র জানায়, নতুন অনন্তপুর বাজারের মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ থেকে কৃষকদের সার দেওয়ার কথা ছিল। সে লক্ষ্যে সকাল থেকেই কৃষকরা সেখানে সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। তবে সকাল সাড়ে ৯টা বেজে গেলেও ডিলারের লোকজন না আসায় ক্ষুব্ধ কৃষকরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কৃষি বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরবর্তীতে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং পুনরায় সার বিতরণ শুরু করা হয়।
কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে জানান, কয়েক দিন ধরে ডিলারের দ্বারে দ্বারে ঘুরেও তারা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকলেও সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পর ডিলারের অবহেলা দেখে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেন।
মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, সারের চাহিদা ও মানুষের উপস্থিতি অত্যধিক ছিল। এ বিষয়ে আমরা কৃষি বিভাগ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু সকাল ১০টা বাজার আগেই কৃষকরা অধৈর্য হয়ে পড়েন এবং সড়ক অবরোধ করেন। পরে প্রশাসন ও পুলিশের সহায়তায় সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বর্তমানে বিতরণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।
উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, হাতিয়া অনন্তপুর বাজারের সার বিতরণ কেন্দ্রে কৃষকদের উপচে পড়া ভিড়ের কারণে সংশ্লিষ্ট কর্মীদের কাজ পরিচালনায় বেগ পেতে হয়। খবর পেয়ে ইউএনও ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষকদের মাঝে সুশৃঙ্খলভাবে সার বিতরণ সম্পন্ন করা হয়েছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, সকাল ৮টা থেকে সার বিতরণের কথা থাকলেও অতিরিক্ত ভিড় দেখে ডিলারের কর্মচারীরা ভয় পেয়ে কিছুটা সময় আড়ালে ছিলেন। এ কারণেই বিতরণে বিলম্ব হয় এবং বিক্ষুব্ধ কৃষকরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং সার বিতরণ শুরু করি। বর্তমানে সেখানকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
