মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তরুণের

নাটোরের গুরুদাসপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে নাহিদ নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই সঙ্গী হিরা (১৯) ও রাজিব (১৮) গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে রাজিবের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিলদহর-চাচকৈড় আঞ্চলিক সড়কের যোগেন্দ্রনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ সিংড়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের রেজাউলের ছেলে। আহত হিরা গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী গ্রামের রতনের ছেলে এবং রাজিব একই উপজেলার হরদমা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তারা তিনজন একটি মোটরসাইকেলে বিলদহরের দিক থেকে চাচকৈড়ের দিকে দ্রুতগতিতে যাচ্ছিলেন। যোগেন্দ্রনগর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করেই চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি তিনজন আরোহীসহ রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজন গুরুতর জখম হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
আহত দুজনের মধ্যে রাজিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত হিরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।