২৭ হাজার টন ডিজেলভর্তি জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইউয়ান জিং হি’ নামের একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ এটি। এছাড়া একটি এলএনজি ও একটি এলপিজিবাহী জাহাজও শুক্রবার চট্টগ্রাম বন্দর জলসীমায় এসেছে। এগুলো খালাসের প্রক্রিয়া চলছে কুতুবদিয়া ও মহেশখালী সমুদ্র সীমানায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছেছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
তিনি আরও জানান, জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। শুক্রবার রাতে সেটি বন্দরে পৌঁছাতে পারে। এছাড়া চীন থেকে রওনা দেওয়া আরও একটি এলপিজিবাহী জাহাজ শনিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।