logo

ভবন থেকে পড়ে কিশোর গ্যাং সদস্যের মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

ভবন থেকে পড়ে কিশোর গ্যাং সদস্যের মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

চট্টগ্রামের আনোয়ারায় একটি ছয়তলা ভবন থেকে পড়ে মো. মহিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাশেম কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত মহিম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আনোয়ারার শোলকাটা গ্রামে বসবাস করছিলেন।

ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বন্ধুরা হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন এবং হাসপাতালের জরুরি বিভাগের দরজার কাচ ভাঙচুর করে মূল ফটকে তালা লাগিয়ে দেন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, মরদেহ হাসপাতালে আনার পর তার সঙ্গীরা উত্তেজিত হয়ে জরুরি বিভাগে ভাঙচুর চালান। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, নিহতের বিরুদ্ধে থানায় চুরি ও ছিনতাইসহ চারটি মামলা রয়েছে। তিনি স্থানীয় ‘সম্রাট গ্রুপ’ নামক কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ভবনে চুরি করতে গিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে নিহতের মা মনোয়ারা বেগম একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি বলেন, সোমবার (৯ মার্চ) রাত ১০টায় মহিম ঘরেই ছিলেন। দেড়টার দিকে এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যান। সকালে খবর পাই মহিম মারা গেছেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।