ফেনীতে চাকা মেরামতের সময় লরির ধাক্কায় জিপচালক নিহত

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে জিপগাড়ির চাকা মেরামতের সময় লরির (লং ভেহিকেল) ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে লালপোল বাজারসংলগ্ন মধুপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার পশ্চিম খিলবাড়ির টেক এলাকার জামাল আলী ও সাজু বিবি দম্পতির ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকামুখী একটি জিপগাড়ির চাকা পাংচার হয়ে যায়। চালক ওয়াজেদ আলী গাড়িটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় একই লেনে পেছন থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি লং ভেহিকেল দাঁড়িয়ে থাকা জিপগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওয়াজেদ আলীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই লং ভেহিকেলের চালক পালিয়ে যান।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে রেকারের মাধ্যমে থানায় নেওয়া হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. নুরুল আফছার এশিয়া পোস্টকে জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। লরির চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
