logo

একা থাকতেন বৃদ্ধা, দুর্গন্ধ পেয়ে মিলল হাত-পা বাঁধা মরদেহ

একা থাকতেন বৃদ্ধা, দুর্গন্ধ পেয়ে মিলল হাত-পা বাঁধা মরদেহ
বরিশাল নগরীর খালপাড় এলাকার ভাড়া বাড়ি থেকে আমেনা খানমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল নগরীতে একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নগরীর রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আমেনা খানম মেহেন্দীগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি প্রায় এক বছর ধরে ওই বাসার দোতলায় একা ভাড়া থাকতেন। তার বড় ছেলে ও বোনের ছেলে মাঝেমধ্যে তাকে দেখতে আসতেন।

বাসা মালিকের স্ত্রী রিনা বেগম বলেন, দুই দিন আগে আমেনা খানমের সঙ্গে আমার দেখা হয়েছিল। গতকাল বুধবার বিকেলে আমেনার বোনের ছেলে তাকে দেখতে বাসায় এসে দরজা তালাবদ্ধ পান। পরে রাতে বাসার অন্য ভাড়াটিয়ারা ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি আমাকে জানায়। বিষয়টি আমি মৃতের ছেলে রিফাতকে জানান। পরে আজ ভোরে পুলিশকে সঙ্গে নিয়ে রিফাত ঘরের তালা খোলেন। তখন আমেনা খানমের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।