logo
Advertisement

তরুণদের অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: খায়রুল কবির খোকন

তরুণদের অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: খায়রুল কবির খোকন
নরসিংদী নাগরিয়াকান্দিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন। ছবি: এশিয়া পোস্ট

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেছেন, সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব ও ছাত্রসমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী নাগরিয়াকান্দি এলাকায় আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন আরও বলেন, আমাদের যুবসমাজ, ছাত্রসমাজ ও তরুণ সমাজ যাতে বিপথগামী না হয়, সেজন্য সমাজজুড়ে খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও আমাদের কৃষ্টি-কালচারের ব্যাপক প্রসার ঘটাতে হবে। তরুণদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে পারলে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চিরতরে দূর করা সম্ভব। আর এ লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এ সময় টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্কোটার গফুর একাদশ ও শালিধা একাদশ অংশ নেয়। এতে ৪-২ গোলে শালিধা একাদশকে হারিয়ে শিরোপা জেতে স্কোটার গফুর একাদশ। বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সিদ্দিকুর রহমান নাহিদসহ অন্যান্য নেতাকর্মীরা।