গাজীপুরে সড়কে নারীর মৃত্যু, পাশে ছিল প্রিজন ভ্যান

গাজীপুর মহানগরীর বোড়ডবাজার এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় গৌরী রানী নামে এক নারী নিহত হয়েছেন। তাকে উদ্ধার করার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কে পড়ে আছে নারীর নিথর দেহ। বিভাজকের আরেক পাশের সড়কে দাঁড়িয়ে আছে একটি প্রিজন ভ্যান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জয়দেবপুর রাজবাড়ী এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।
নিহত গৌরী রানী গাজীপুর মহানগরীর বোড়ডবাজার এলাকার শংকরের স্ত্রী।
তার ছেলে শ্যামল চন্দ্র বলেন, আমার মা সকালে বোর্ডবাজার থেকে অটোরিকশা করে সদর হাসপাতালে ওষুদ আনতে বের হয়। পুলিশ আমাকে ফোন দিয়ে জানায় মা মারা গেছে। আমি হাসপাতালে এসে দেখি মর্গে মায়ের লাশ। এখানে কোনো পুলিশ নেই।
একটি ভিডিওতে দেখা যায়, সড়ক বিভাজক ঘেঁষে পড়ে আছে নারীর নিথর দেহ। বিভাজকের আরেক পাশে দাঁড়িয়ে আছে একটি প্রিজন ভ্যান। এক পুলিশ সদস্য ও সড়কের এক পথচারী ওই নারীকে নিথর অবস্থায় উদ্ধার করে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেন।
দাবি করা হচ্ছে, প্রিজন ভ্যানটির নিচে ওই নারী চাপা পড়েছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য ও প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওতে দেখতে পাওয়া পুলিশ সদস্যের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রাসেদ মিয়া জানান, প্রিজন ভ্যানের নিচে পড়া বিষয়ে আমরা নিশ্চিত না। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কোন গাড়িতে দুর্ঘটনাটি ঘটেছে আমরা খোঁজখবর নিয়ে বের করার চেষ্টা করছি।
