logo

কিশোররা রাতে অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে: শিক্ষামন্ত্রী

কিশোররা রাতে অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে: শিক্ষামন্ত্রী

রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে এবং এখন থেকে রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমার মেয়েরা, আপনার বোনেরা, আপনার মায়েরা; তারা যেন নিরাপদ থাকে। কোনো অবস্থাতেই যেন ইভটিজিংয়ের বিন্দুমাত্র ঘটনা না ঘটে। কিশোরদের ক্ষেত্রে এ বিষয়ে একেবারে জিরো টলারেন্স নীতি থাকতে হবে।

তিনি বলেন, রাতের বেলা অযথা কিশোরদের ঘোরাফেরা করা যাবে না। আমি দেখেছি, নির্বাচনের সময় সারা রাত কিশোররা রাস্তায় ঘুরে বেড়ায়। কেন তারা ঘোরে, এ বিষয়ে কেউ প্রশ্ন করলে উল্টো তারা মব আক্রমণ করে। এখন থেকে রাস্তায় ঘোরাফেরা করলে পুলিশ জিজ্ঞেস করবে—কেন ঘুরছে, কোথায় গিয়েছিল, কী কারণে বের হয়েছে।

এতে যদি কেউ সাংবিধানিক অধিকার লঙ্ঘনের কথা বলেন, সেটি পরে দেখব। আমরা কচুয়ায় একটি নিরাপদ অঞ্চল চাই, এটি নিশ্চিত করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

মন্ত্রী বলেন, শিক্ষাঙ্গনে নকল যেমন জাতির ভবিষ্যৎ ধ্বংস করে, তেমনি সমাজে দুর্নীতি ও মাদক তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যায়। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কচুয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের নীতিনির্ধারণে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষক প্রশিক্ষণ জোরদার এবং প্রাথমিক শিক্ষাকে আরও যুগোপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির দলীয় নেতারা উপস্থিত ছিলেন।