Advertisement

ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট, বাড়িতে মিলল পিস্তল ও বিদেশি মুদ্রা

এশিয়া পোস্ট নিউজ, শরীয়তপুর
ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট, বাড়িতে মিলল পিস্তল ও বিদেশি মুদ্রা
উদ্ধার করা পিস্তল, দেশীয় অস্ত্র ও বিদেশি মুদ্রা। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পিস্তল, গুলি, ও বিদেশি মুদ্রাসহ সেলিম ব্যাপারী ওরফে এস এম সেলিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Advertisement

রোববার (২ আগস্ট) ভোরে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে টহল ডিউটির সময় একটি ফোনকলের মাধ্যমে জানা যায়, সেলিম ব্যাপারী তার ফেসবুক আইডিতে একটি অস্ত্রের ছবি পোস্ট করেছেন। পরে তথ্য যাচাই করে তার পরিচয় নিশ্চিত করে নড়িয়া থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ভোরে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ফেসবুকে পোস্ট করা অস্ত্রের বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে শোকেসের ওপর বই-পুস্তকের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিনটি কার্তুজ, দুটি দেশীয় অস্ত্র, কিছু ইরানি দিনার, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, সেলিম ব্যাপারী তার ফেসবুকে একটি অস্ত্রের ছবি পোস্ট করে বলে আমরা জানতে পারি। পরে তাকে শনাক্ত করে তার বাড়িতে অভিযান চালিয়ে বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক সেলিম ব্যাপারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।