logo

টিনের বেড়া ভেঙে পালানোর চেষ্টা, শেষ রক্ষা হয়নি পুলিশ কর্মকর্তার

টিনের বেড়া ভেঙে পালানোর চেষ্টা, শেষ রক্ষা হয়নি পুলিশ কর্মকর্তার
মাদকের আসর থেকে আটকদের পর থানায় নিয়ে যাওয়া হচ্ছে বরিশাল বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল সদর উপজেলায় মাদকের আসর থেকে পালানোর সময় দেলোয়ার হোসেন নামে পুলিশের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের একটি টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে ওই পুলিশ সদস্যসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা।

আটককৃতরা হলেন বরিশাল বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, বাড়ির মালিক মিরাজুল ইসলাম, নাহিদ হাসান (২৬) ও ফাতেমা আক্তার নুরতাজ (৩০)। অভিযানের সময় বাড়িটি থেকে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পরিদর্শক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল পাঁচগাঁও গ্রামের মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। বাড়িটি ঘিরে ফেলে ভেতরে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় এএসআই দেলোয়ার হোসেন টিনের একটি অংশ ভেঙে পালানোর চেষ্টা করেন। পরে কাদামাটিতে পড়ে গেলে তাকে আটক করতে গেলে ডিএনসির সদস্যদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

ডিএনসির পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একজন পুলিশ সদস্য ও একজন নারীসহ চারজনকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়েছে।

তিনি বলেন, অভিযানের সময় বিমানবন্দর থানার পরিদর্শক শাহাবুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আটক এএসআই দেলোয়ার হোসেনকে তার কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

ডিএনসি সূত্র জানায়, আটক অপর তিনজনের ডোপ টেস্ট করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।