logo

কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফাহিম, সম্পাদক জিল্লু

কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফাহিম, সম্পাদক জিল্লু
বাঁ থেকে সভাপতি ফুহাদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

কুষ্টিয়া জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি এবং জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই কমিটির অনুমোদন দেয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মোস্তাফিজুর রহমান সুমনকে। সহসভাপতি হয়েছেন জাকারিয়া মিলন। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রাশেদুল ইসলাম রাশেদকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জব্বার মিলন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোজাক্কির রহমান রাব্বিকে।

কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী, ঘোষিত আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পরে অনুমোদনের জন্য তা কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।

এদিকে কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তারা আনন্দ মিছিল করেন। পরে মিষ্টি বিতরণ করে নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানান।

কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি ফুহাদ রেজা ফাহিম জানান, কেন্দ্রীয় যুবদল তাকে যে দায়িত্ব দিয়েছে, এ জন্য তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞ। দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত মেনে কুষ্টিয়া জেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবেন।

তিনি আরও জানান, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে গতিশীল করার চেষ্টা থাকবে। দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য।