logo

চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার হামলা, বাড়ির মালামালে আগুন

চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার হামলা, বাড়ির মালামালে আগুন
চুরিতে অভিযুক্তদের বাড়ির মালামাল বের করে আগুনে পুড়িয়ে দেয় ক্ষুব্ধ জনতা। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জের মাধবপুরে সম্প্রতি গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত কয়েকজনের বাড়িতে হামলা চালিয়ে মালামালে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াইম গ্রামের জুয়েল, উজ্জ্বল ও সাজু, সোহেল নামে কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরির অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তারা বিভিন্ন সময় মানুষের বাড়িঘর থেকে চুরি করে মালামাল নিজেদের বাড়িতে নিয়ে ব্যবহার করতেন। এসব চুরিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। সম্প্রতি একটি হিন্দু বাড়িতে অস্ত্র দেখিয়ে জোরপূর্বক গরু নিয়ে আসায় বৃহস্পতিবার দুপুরে উত্তেজিত লোকজন অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ঘরে থাকা বিভিন্ন মালামালে আগুন ধরিয়ে দেন।

এ বিষয়ে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরী এশিয়া পোস্টকে জানান, যাদের বাড়ির মালামাল পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে চুরির অভিযোগে একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি হিন্দু বাড়িতে চুরি করায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।

তবে আগুনে কতটি বাড়িঘর বা ঘরের কী পরিমাণ মালামাল পুড়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি আমি জানতে পেয়ে খোঁজখবর নিচ্ছি। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও চুরির অভিযোগের সত্যতা থাকলে তা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।