logo

প্রেমিকাকে হত্যা করে মরদেহে আগুন, যুবকের মৃত্যুদণ্ড

প্রেমিকাকে হত্যা করে মরদেহে আগুন, যুবকের মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্ত মাহিবুর রহমান। ছবি : এশিয়া পোস্ট

রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাহিবুর রহমান নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে। তিনি কাপ্তাইয়ে ফার্নিচারের কাজ করতেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজারে কাজের সুবাদে স্থানীয় হাসিনা বেগম সুমির (২৮) সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মাহিবুর। একপর্যায়ে মাহিবুরের অন্যত্র বিয়ে ঠিক হলে সুমি তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহিবুর সুমির মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তার মৃত্যু হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে প্রমাণ নষ্টের উদ্দেশ্যে সিগারেটের আগুন দিয়ে মরদেহে আগুন ধরিয়ে পালিয়ে যান মাহিবুর।

পরদিন ১২ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণের একটি পরিত্যক্ত টয়লেট থেকে সুমির পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাপ্তাই থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মাহিবুরকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

রায়ের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুম বলেন, মামলাটি পরিচালনার জন্য শুরুতে আসামির কোনো আইনজীবী ছিলেন না। বিবেকের দায়বদ্ধতা থেকে তিনি আসামির পক্ষে আইনি লড়াই পরিচালনা করেছেন এবং আদালতে পর্যাপ্ত যুক্তি উপস্থাপন করেছেন। তবে আসামি আগে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা এই রায়ে সংক্ষুব্ধ। আসামির সঙ্গে কথা বলে দ্রুতই উচ্চ আদালতে আপিল করব। আশা করি, উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাব।