Advertisement

‘আমার চাকরি খাইয়েন না’, শিক্ষার্থীদের মানববন্ধনে শিক্ষকের আকুতি

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
‘আমার চাকরি খাইয়েন না’, শিক্ষার্থীদের মানববন্ধনে শিক্ষকের আকুতি
মানববন্ধনে আবেগাপ্লুত হয়ে পড়েন কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিন। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলির আদেশকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ও মানববন্ধনের মুখে পড়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই শিক্ষক। একপর্যায়ে নিজের চাকরি রক্ষায় শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়ে শান্ত থাকার কাকুতি জানান তিনি।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে এক অভূতপূর্ব ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

উপস্থিত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, শিক্ষক মোহাম্মদ মহসিন কান্নাজড়িত কণ্ঠে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমার চাকরি খাইয়েন না। তোমাদের কাছে আমি মাফ চাই। তোমরা আমার কোনো ক্ষতি কোরো না।’ একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের কাছে বদলি বাতিলের আন্দোলন বন্ধ করার অনুরোধ জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্দোলন ত্যাগ করার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘এটা আমার সরকারি চাকরির স্বাভাবিক বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেব না।’

অন্যদিকে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ কর্মসূচি সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে এবং কোনো শিক্ষকের ইন্ধন এতে নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য বৃষ্টির পানি জমে থাকাকে কেন্দ্র করে হঠাৎ একযোগে সাতজন শিক্ষককে বদলি করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। আমাদের প্রিয় শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরি হারানো বা বিভাগীয় শাস্তির শঙ্কায় আমাদের সামনে কান্না করেছেন।

কুমিল্লা সরকারি মহিলা কলেজে ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধন। ছবি : এশিয়া পোস্ট
কুমিল্লা সরকারি মহিলা কলেজে ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধন। ছবি : এশিয়া পোস্ট

আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা হুমকি দিয়ে বলেন, বদলি পুনর্বিবেচনা না করা হলে এবং এর জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করা হলে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

এ বিষয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম এশিয়া পোস্টকে বলেন, শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি পুরোপুরি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। এতে কর্তৃপক্ষের নিজস্ব কিছু করার নেই। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

বিষয় :কুমিল্লা