logo

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক ভিডিও

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক ভিডিও

বরিশালের আগৈলঝাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে ঘিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেই ঘটনার ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার বাগধা (দাসপাড়া) মডেল উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের ৫২ জন এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয় ভবনের তৃতীয় তলার একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ শিক্ষার্থী বেঞ্চের ওপর দাঁড়িয়ে বৈদ্যুতিক ফ্যান ধরে ঝুলে ফ্যানের পাখা বিকৃত করে। এ সময় অন্যরা দৌড়ে এসে লাথি মেরে বেঞ্চ ভেঙে ফেলে। তাদের সঙ্গে থাকা সহপাঠীরা পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করে। পরে সেই ভিডিও টিকটকে আপলোড করা হলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ভিডিও দেখে পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এমন ঘটনা তাদের কর্মজীবনে আগে কখনও ঘটেনি। তারা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যালয়টি এলাকার গর্বের প্রতিষ্ঠান। এমন কর্মকাণ্ড প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছে, তাই তারা দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়াজ মোশেদ বলেন, ঘটনার সময় তিনি জরুরি কাজে উপজেলা সদরে ছিলেন। পরে ফিরে এসে বিষয়টি জানতে পারেন। 

তিনি বলেন, বিদায় অনুষ্ঠান সাধারণত আবেগঘন হয়। শিক্ষার্থীরা কেন এমন করল, তা বুঝতে পারছি না।

এ বিষয়ে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে আনা হয়েছে। যেহেতু তারা সবাই অপ্রাপ্তবয়স্ক এবং সামনে তাদের এসএসসি পরীক্ষা, তাই তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা নেওয়া হয়েছে।