logo

মাংস বিক্রেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

মাংস বিক্রেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মুজিব চকরিয়ার কাকারা ইউনিয়নের কসাইপাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে। শনিবার সন্ধ্যায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আরিফ নামের এক যুবক।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগমের বরাত দিয়ে মুজিবের ছোট ভাই আবদুল মালেক বলেন, শনিবার সন্ধ্যায় একই এলাকার বাসিন্দা আরিফ মুজিবকে ডাকতে বাড়িতে আসেন। মুজিব স্ত্রীকে ইফতার সামগ্রী কিনে দিয়ে আরিফের সঙ্গে রওনা দেন। পরে মুজিবকে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। রাত ১১টার দিকে স্থানীয়রা শাহ ওমর মাজার-সংলগ্ন বিল থেকে মুজিবকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবকে মৃত ঘোষণা করেন।

আবদুল মালেক আরও বলেন, আরিফ ও আমাদের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপক্ষের মধ্যে অনেকবার মারামারিও হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলাও চলমান রয়েছে। হয়তো পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইকে মেরে ফেলেছে।

ঘটনার পর থেকে আরিফ পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের দাবি, আরিফ নামের এক যুবক মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

ওসি বলেন, আমরা আরিফকে আটক করার চেষ্টা করছি। তাকে আটক করতে পারলে বিস্তারিত জানা যাবে। মরদেহ প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত করা হবে।