Advertisement

সুনামগঞ্জে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি
অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জ সদর উপজেলায় প্রথম শ্রেণির শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করেছেন স্থানীয়রা।

রোববার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদে সাদকপুর গ্রাম থেকে পুলিশ সাইফুল হককে আটক করে।

সাইফুল হকের মূল বাড়ি শহরের নতুনহাছন নগরে হলেও বর্তমানে তিনি বাদে সাদকপুরে গ্রামে বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল হক বিবাহিত, তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। রোববার দুপুরে প্রতিবেশী প্রথম শ্রেণির ওই শিশু শিক্ষার্থীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে সাইফুল হক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গ্রামের লোকজন তাকে ধরে মারধর করে থানায় জানায়। শিশুটিকে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, শিশুটিকে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেছেন। আটককৃত সাইফুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।