জুয়ায় টাকা হারিয়ে ছিনতাইয়ের নাটক বিকাশের সেলস অফিসারের

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
জুয়ায় টাকা হারিয়ে ছিনতাইয়ের নাটক বিকাশের সেলস অফিসারের
গ্রেপ্তার স্বাধীন হোসেন। ছবি : এশিয়া পোস্ট

নাটোরে জুয়া খেলায় টাকা খোয়া যাওয়ার পর জোগাড় করতে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগে বিকাশের এক সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে নাটোর সদর থানা চত্বরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নাটোর শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বাধীন হোসেন বিকাশের একজন সেলস অফিসার।

পুলিশ জানায়, গত ১ জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য স্বাধীন হোসেনকে নগদ ২ লাখ টাকা এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের বিজনেস ম্যানেজার নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, তথ্য-প্রমাণ সংগ্রহ এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানতে পারে, সেখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। পরে জিজ্ঞাসাবাদে স্বাধীন হোসেন স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারিয়ে আত্মসাতের ঘটনা গোপন করতেই তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় :নাটোর