হ্রদের পানিতে ভাসল বিজুর ফুল

চাকমা সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান ‘বিজু’ শুরু হলো পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে। রোববার (১২ এপ্রিল) রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে উৎসব শুরু করেন স্থানীয় চাকমা সম্প্রদায়ের বাসিন্দারা।
এটি ‘ফুল বিজু’ নামে পরিচিত। চাকমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও উৎসবমুখর বর্ষবরণ অনুষ্ঠান। বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন (১২-১৪ এপ্রিল) এই উৎসব পালিত হয়।
এ উপলক্ষ্যে শহরের রাজবাড়ি, গর্জনতলী, কেরানীপাহাড়সহ পাড়ায় পাড়ায় ঘাটে ঘাটে হ্রদে ফুল ভাসানো হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নানা বয়সি পাহাড়িরা ফুল নিয়ে আসতে শুরু করেন বিভিন্ন ঘাটে।
কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয় মূল আয়োজন। উৎসবে নারীরা বাহারি রঙের পিনোন হাদি পরে আর ছেলেরা ধুতি, পাঞ্জাবি/ফতুয়া পরে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানোর উৎসবে মেতে ওঠে।

পাহাড়ি বিভিন্ন জাতিগোষ্ঠী বিজু, বিহু, বৈসুক, সাংগ্রাই, চাংক্রানসহ নানা নামে বর্ষবরণ ও বর্ষবিদায়ের অনুষ্ঠান উদযাপন করে থাকেন। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর ও পাহাড়।