উপনির্বাচন প্রমাণ করেছে বিএনপির রাজনীতি সঠিক: প্রতিমন্ত্রী ফরহাদ

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপির রাজনীতিই সঠিক এবং বিরোধীদের রাজনীতি এখন সঠিক পথে নেই।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে তার ছোট ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপনির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সারা দেশের মানুষের নজর ছিল এই নির্বাচনের দিকে। গত আট মাস ধরে ক্ষমতায় থাকা বিএনপি সরকারের অর্জন জনগণ কীভাবে মূল্যায়ন করছে, এই উপনির্বাচন তার একটি বড় বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী ১ লাখ ৩০ হাজারের বেশি ভোটে বিজয়ী হয়েছেন। অথচ গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন থেকেও উপনির্বাচনে জামায়াতের ভোট ৫০ হাজারের বেশি কমে গেছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ বাড়িয়ে লং মার্চ বা রোড মার্চের মতো কর্মসূচি না দিয়ে বিরোধী দলগুলোকে আরও সংশোধিত হতে হবে। তাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে তা সংসদে এসে সরকারকে জানানোর পরামর্শ দেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের আয়োজনে বের করা আনন্দ মিছিলে অংশ নেন। পরে আলোচনা সভায় যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।