logo
Advertisement

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালক

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালক
দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ছবি : এশিয়া পোস্ট

প্রবল স্রোত ও পলি জমে নাব্যসংকট তৈরি হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান।

ঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, ৭ নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় দুই কিলোমিটারজুড়ে পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার কারণে অনেক যাত্রীকে যানবাহনের ভেতরেই অবস্থান করতে দেখা গেছে।

ঘাট-সংশ্লিষ্ট সূত্র জানায়, দৌলতদিয়া প্রান্তে কাগজে-কলমে সাতটি ফেরিঘাট থাকলেও বর্তমানে ৩, ৪ ও ৭ নম্বর—এই তিনটি ঘাট সচল রয়েছে। তবে নাব্যসংকটের কারণে বৃহস্পতিবার রাত ১১টা থেকে ৭ নম্বর ঘাটে ফেরি ভিড়তে পারছে না। ফলে ঘাটটি বন্ধ রয়েছে।

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট নয়টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরি পারাপার অব্যাহত রয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান বলেন, প্রবল স্রোতের কারণে নদীতে প্রচুর পলি জমে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে ৭ নম্বর ঘাটে ফেরি ভিড়তে পারছে না। ভিড়তে গেলে ফেরি আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। এ কারণে বৃহস্পতিবার রাত ১১টা থেকে ঘাটটি বন্ধ রয়েছে। বর্তমানে নয়টি ফেরি চলাচল করছে এবং ৩ ও ৪ নম্বর ঘাট সচল রয়েছে।