logo

থানা থেকে লুট হওয়া পিস্তল পাওয়া গেল ঝোপের মধ্যে

থানা থেকে লুট হওয়া পিস্তল পাওয়া গেল ঝোপের মধ্যে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝোপঝাড় থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার আরপিও ওয়াপদা কলোনি এলাকায় অস্ত্রটি পাওয়া যায়।

র‌্যাব জানায়, পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে ঝোপঝাড়ে কসটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পায় টহল দল। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কসটেপ খুললে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য উদ্ধার করা অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১-এর কর্মকর্তা রওনক এরফান খান বলেন, গতকাল রাতে নিয়মিত টহলের সময় আমাদের অফিসাররা জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ওই অস্ত্র উদ্ধার করে।