লাঠির আঘাতে দাদা নিহত, নাতি কারাগারে

বগুড়ার ধুনট উপজেলায় লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বৃদ্ধের প্রতিবেশী নাতি সুলতান মাহমুদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বৃদ্ধের নাতিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সকালে নিহতের ছেলে আব্দুল মোমিন ধুনট থানায় সুলতানের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
নিহত সঞ্জব আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। সুলতান মাহমুদ একই গ্রামের হোসেন আলীর ছেলে এবং নিহতের প্রতিবেশী নাতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান মাহমুদ মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন। পরিবারের পক্ষ থেকে তাকে একাধিকবার চিকিৎসা করানো হলেও পুরোপুরি সুস্থ করা সম্ভব হয়নি। মাঝে মাঝে তার আচরণ অস্বাভাবিক হয়ে উঠলে পরিবারের সদস্যরা শিকল দিয়ে বেঁধে রাখতেন। আবার অনেক সময় তিনি স্বাভাবিক আচরণ করতেন।
বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করে সুলতানের অস্বাভাবিক আচরণ বেড়ে যায়। এ সময় সঞ্জব আলী বাড়ি থেকে কৃষি কাজের উদ্দেশ্যে ফসলি মাঠে যাচ্ছিলেন। পথে উত্তেজিত হয়ে সুলতান লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।
পরে স্বজনরা আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে সঞ্জব আলী মারা যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।