logo

৬ বছরের শিশুকে ধর্ষণের পর মুখ থেঁতলে হত্যার চেষ্টা

৬ বছরের শিশুকে ধর্ষণের পর মুখ থেঁতলে হত্যার চেষ্টা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলার ছাদ থেকে ছয় বছর বয়সি এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিপ্লব হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন শিশুটির মা।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থতলার ছাদে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির মা রাত্রি জানান, তিনি মাহমুদুল হাসান মার্কেটের দ্বিতীয়তলায় ঐশ্বর্য বিউটি পার্লারে কাজ করেন। শুক্রবার দুপুরে খাবার খেতে বাইরে যাওয়ার সময় মেয়েকে পার্লারে রেখে যান। এ সময় বিপ্লব নামে এক ব্যক্তি চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে বাইরে নিয়ে যান। এরপর মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও জানান, প্রায় এক ঘণ্টা পর বিপ্লব হোসেন আবার পার্লারে ফিরে আসেন। তখন তিনিও শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। বিপ্লব পাশের শামীম পিঠাঘরে থাকতেন এবং মাঝেমধ্যে তাকে খাবার দিতেন বলেও জানান শিশুটির মা। কিছুক্ষণ পর এক রিকশাচালক এসে তাকে জানান, তার মেয়েকে বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থতলার ছাদে পাওয়া গেছে। এ সময় বিপ্লব দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত বিপ্লব হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার দাবি করেছেন শিশুটির মা রাত্রি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক জানান, শিশুটির নাক-মুখে ইটের আঘাত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে তার নাকের হাড় ভেঙে গেছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, শিশুটির যৌন নির্যাতনের আলামতও পাওয়া গেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে।

এ ঘটনায় শিশুটির মা টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান।