চোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমি

চোখে দৃষ্টিশক্তি নেই, তবে অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ে সাফল্য অর্জন করেছেন তাহমিনা আক্তার মৌমি। এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছেন তিনি।
মৌমি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করা গ্রিন ডিজঅ্যাবল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) আবাসিক শিক্ষার্থী। তিনি সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের বাসিন্দা মৌমি। তার বাবা আব্দুল আহাদ এবং মা আমিনা আক্তার পুষ্প। দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে তাঁর এই সাফল্যে আনন্দিত ও গর্বিত জিডিএফ কর্তৃপক্ষ।
জিডিএফের নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান বলেন, মৌমি প্রথম শ্রেণি থেকেই আমাদের আবাসিক শিক্ষার্থী। তার এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তিনি জানান, এইচএসসি পরীক্ষায় মৌমির শ্রুতিলেখক হিসেবে সহযোগিতা করেছেন পল্লব রায়। তিনি হাজী আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন।

