রাজবাড়ীতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তদারকি কার্যক্রম জোরদার করতে রাজবাড়ীর বিভিন্ন ফিলিং স্টেশনে (পেট্রোল পাম্প) ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, রাজবাড়ীর পাঁচটি উপজেলায় অবস্থিত মোট ১০টি পেট্রোল পাম্পে এসব ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন। তাদের মূল কাজ হবে জ্বালানি সরবরাহ, বিক্রয় ও সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ এবং সমন্বয় করা।
তবে মাঠপর্যায়ে এখনও তেলের সংকট কাটেনি। জেলার বিভিন্ন এলাকায় যানবাহন চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছেন, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করছে।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন সরাসরি তদারকি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডিসি সুলতানা আক্তার জানান, রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন। তাদের মাধ্যমে পাম্পগুলোর কার্যক্রম স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার চেষ্টা চলছে। ট্যাগ অফিসার নিয়োগের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি কমে আসবে।