কারখানার বিষাক্ত গ্যাস কেড়ে নিল ২ শ্রমিকের প্রাণ

ময়মনসিংহের ভালুকায় একটি সিরামিক কারখানার ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্ল্যান্টে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় ‘এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার রুমেল (২৫) ও খুলনা জেলার কয়রা উপজেলার নকশা গ্রামের ফারুক গাজীর ছেলে শফিকুল ইসলাম (২৮)। তারা যথাক্রমে সিভিল হেলপার ও মেকানিক্যাল ওয়েল্ডার হিসেবে ইটিপি প্ল্যান্ট নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, সকালে রুমেল ইটিপি প্ল্যান্টের একটি গভীর গর্তে মেরামতের কাজে নামেন। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করতে নিচে নামেন সহকর্মী শফিকুল ইসলাম। এ সময় বিষাক্ত গ্যাসের কারণে তিনিও অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অবিনাশ কুণ্ডু বলেন, ইটিপি প্ল্যান্টের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েছিলেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
তবে কারখানার কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, দুর্ঘটনার পর দুই শ্রমিক দীর্ঘ সময় গর্তের ভেতরে পড়ে থাকলেও তাদের উদ্ধারে তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সময়মতো দ্রুত হাসপাতালে নেওয়া হলে হয়তো তাদের জীবন রক্ষা করা সম্ভব হতো।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ, কারখানার নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি কিংবা উদ্ধারকাজে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
