Advertisement

পাবনায় সাবেক ছাত্রলীগ নেতা তাজুলসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
পাবনায় সাবেক ছাত্রলীগ নেতা তাজুলসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

নির্বাচিত সরকার উৎখাতের উদ্দেশ্যে গোপন বৈঠক ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ আখতার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৩৮), সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত (২৭), বর্তমান সভাপতি যুবায়ের বিশ্বাস অন্তু (৩২), সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ওরফে রাভা (২৮), মো. ইফাত আরাফাত ওরফে সিফাত (২৫), মো. অনিক (২৫), রনি (৪৫), রানা ওরফে ঘুইটা রানা (৪৫), কাজী অনিক (২৫), বিজন হোসেন (২৫) ও নয়ন হোসেন (৪০)।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ জুলাই রাত ১২টা ১০ মিনিটের দিকে পাবনা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মালিগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ২৫ মিনিটের দিকে সদর হাসপাতাল সড়কের জাকিরের মোড় এলাকায় অভিযান চালায় পাবনা সদর থানা পুলিশের একটি বিশেষ দল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ও ইটের টুকরা ফেলে মোটরসাইকেল ও হেঁটে পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি চাইনিজ কুড়াল, তিনটি লোহার রড, তিনটি বাঁশের লাঠি ও ২০টি ইটের টুকরা জব্দ করে পুলিশ। স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে এসব আলামত জব্দতালিকাভুক্ত করা হয়।

পাবনা সদর থানা সূত্রে জানা গেছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অবৈধ সমাবেশ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে। এজাহারভুক্ত ও অজ্ঞাত পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় :পাবনা