প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (১১ এপ্রিল) যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর যশোর আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়। এর মাধ্যমে বিগত ১৭ বছর যশোরে যে উন্নয়নের চাকা থমকে গিয়েছিল তা নতুন করে সচল হবে। পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনর্খননের জন্য আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। যেটা যশোরবাসীর জন্য অনেক বড় সুসংবাদ।
তিনি আরও বলেন, এ মুহূর্তে জ্বালানি তেল বৈশ্বিক সংকট। সে সংকটের আঁচ বাংলাদেশেও স্পর্শ করেছে। কিন্তু জনগণ যাতে ভোগান্তির শিকার না হয়, সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। এখন ইরিগেশন চলছে, কৃষক যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা কাজ করছি। কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী খাল পুনর্খননের উদ্বোধন করবেন। এরপর সেখান থেকে ফিরে মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। পরে তিনি জনসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে দপ্তর প্রধানদের সঙ্গে সভা করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিমন্ত্রী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনী স্থল পরিদর্শন শেষে শার্শার উলাশী খাল পুনর্খনন স্থলও পরিদর্শন করেন।