মুখ সামলান, না হলে শরীরও সামলাতে পারবেন না: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কিছু বেয়াদব জুলাই আন্দোলন ও জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের উদ্দেশে বলতে চাই—মুখ সামলান, আর তা না হলে শরীরও সামলাতে পারবেন না।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ (তীর প্রতিরক্ষা) কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের সব মানুষের আন্দোলন। এমন অনেক মা আছেন, যারা এই আন্দোলনে তাদের দুটি সন্তান হারিয়েছেন। আবার গত ১৭ বছরে গুম ও হত্যার শিকার অসংখ্য পরিবারেরও সীমাহীন কষ্ট রয়েছে। দেশের প্রতি তাদের ভালোবাসার প্রতি আমাদেরও সম্মান রয়েছে। আমরা জুলাই শহীদ পরিবারসহ গুম ও হত্যার শিকার সব পরিবারের পাশে থাকতে চাই এবং আমাদের ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে তাদের মনে শান্তি ফিরিয়ে আনতে চাই।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শহীদ ও নির্যাতিত পরিবারের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে এমপি খোকন তালুকদার আড়িয়াল খাঁ নদীর ভাঙনরোধে চলমান তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
