তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, এসআই প্রত্যাহার

বগুড়ার ধুনটে অভিযোগ তদন্তে গিয়ে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের সই করা এক আদেশে তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী ধুনট থানায় লিখিত অভিযোগ করেন, তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেননি এক দালাল। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।
তদন্তের অংশ হিসেবে এসআই মোস্তাফিজার রহমান একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী অভিযোগটি তদন্ত করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপের তথ্য পাওয়া যায়। পরে ১০ জুলাই তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ১২ জুলাই তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।




