logo

কচুরিপানায় কম্বলে মোড়ানো ছিল নারীর বস্তাবন্দি মরদেহ

কচুরিপানায় কম্বলে মোড়ানো ছিল নারীর বস্তাবন্দি মরদেহ
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের বিল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি বিল থেকে কম্বলে মোড়ানো বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোর ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গ্রামের এক ব্যক্তি বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহটি বিলে ফেলে রাখা হয়ে থাকতে পারে। মরদেহটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নারীর বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্ত চলছে।