logo

স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩

স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩

নাটোরের লালপুর উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় বিএনপির নির্বাচনি ক্যাম্প ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে খলিল নামের একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা কচুয়া এলাকায় একটি নির্বাচনি মিছিল বের করেন। মিছিলটি কচুয়া বাজার এলাকায় বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি ক্যাম্প অতিক্রম করার সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাঁচ থেকে সাতটি মোটরসাইকেল এবং বিএনপি প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সাতজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে ধানের শীষের কার্যালয় থেকে অতর্কিত হামলা চালানো হয়। এখন পর্যন্ত আমাদের ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে সাতজন এখনো ভর্তি আছে। হামলার সময় বিএনপি প্রার্থীর সমর্থকরা গুলি করেছে এবং তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল।

এ সময় টিপুর সমর্থকদের পাঁচ থেকে সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট হারুনুর রশিদ পাপ্পু বলেন, স্বতন্ত্র প্রার্থীর মিছিল থেকে আমাদের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা প্রার্থীর ছবি ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এতে আমাদের তিনজন সমর্থক আহত হন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নির্বাচনি মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।