logo
Advertisement

দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য: স্থানীয় সরকারমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, সাভার
দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য: স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: এশিয়া পোস্ট

কাজের গতিশীলতা বাড়াতে প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়াই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

Advertisement

শনিবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আবদুল মঈন খান বলেন, প্রায় ছয় মাস আগে গঠিত মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজন বা রিশাফলিং বিশ্বজুড়ে একটি অত্যন্ত স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। এই পরিবর্তনের পেছনে সরকারের মূল উদ্দেশ্য হলো কাজের গতিশীলতা বৃদ্ধি করা। বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে সে বিষয়ে সরকার সম্পূর্ণ ওয়াকিফহাল। এসব সমস্যা দূর করে দেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠ করাই আমাদের মূল অগ্রাধিকার।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ একটি দ্বিতীয় ক্রান্তিকাল অতিক্রম করছে। ১৯৭১ সালে দেশের মানুষ যখন দিকনির্দেশনাহীন অবস্থায় পড়েছিল ও স্বাধীনতার পক্ষের শক্তি দাবিদার দলটি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকার কথা স্মরণ করে ড. মঈন খান উল্লেখ করেন, দেশে বারবার গণতন্ত্র ব্যাহত হলেও বিএনপিই তা পুনরুদ্ধারে কাজ করেছে। ১৯৮২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আপসহীন আন্দোলন শুরু করেন ও ১৯৯১ সালে জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

তিনি আশা প্রকাশ করেন, সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। প্রশাসনিক পরিবর্তন নিয়ে অহেতুক জল্পনা-কল্পনা না করে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।