সিরাজগঞ্জে কলেজ ফটকে ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষের পদত্যাগ দাবি

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। একপর্যায়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহিদুল হাসানকে তার কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রেখে পদত্যাগের দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে ১০ নভেম্বরের অবরোধ কর্মসূচির একটি ব্যানার টাঙানো হয়। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যানার টাঙানো ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনার পর কলেজের ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা অধ্যক্ষের কক্ষে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করেন এবং পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে কলেজের অধ্যক্ষের যোগসাজশ রয়েছে। অধ্যক্ষ কলেজে উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে ছাত্রলীগের কর্মীরা কলেজের প্রধান ফটকে ব্যানার টাঙানোর সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এ ঘটনায় অধ্যক্ষের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি তাদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগামীকাল নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে কলেজের প্রধান ফটকে ব্যানার টাঙানো হয়। ব্যানার টাঙানোর পর কয়েকজন ব্যক্তি স্লোগান দিয়ে দ্রুত চলে যান। এরপর ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কলেজে অবস্থান নিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন।
তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহিদুল হাসান বলেন, কলেজে বোর্ড পরীক্ষা থাকায় আমি আমার কক্ষে অবস্থান করছিলাম। এ বিষয়ে আমি অবগত ছিলাম না। বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ ব্যবস্থা নেবে।

